হোম > সারা দেশ > চট্টগ্রাম

৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

চট্টগ্রামের সন্দ্বীপে কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে টানা ৮ দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৬টা থেকে স্পিডবোট চলাচল শুরু হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো সন্দ্বীপবাসীর জন্য এই সংবাদ এক বড় স্বস্তি নিয়ে এসেছে। আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে নিয়মিত সার্ভিস সচল রাখার ঘোষণা দিয়েছে স্পিডবোট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আরকে এন্টারপ্রাইজ।

প্রতিষ্ঠানটির পরিচালক জগলুল হোসেন নয়ন আমার দেশকে জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ৯ হাজার লিটারের একটি অকটেনবাহী লরি ঘাটে পৌঁছালে অচলাবস্থা কাটে। তিনি আরো নিশ্চিত করেন যে, নির্ধারিত ২৫০ টাকা ভাড়ার বেশি এক টাকাও নেওয়া হবে না এবং যাত্রী হয়রানি রোধে তারা কঠোর থাকবেন।

জ্বালানি সংকট নিরসনে মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের শীর্ষ কর্মকর্তাদের সাথে কয়েক দফা আলোচনা ও দেন-দরবারের কথা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

তিনি জানান, জনস্বার্থে কর্মকর্তাদের সাথে কিছুটা তপ্ত বাক্যবিনিময় ও কটু কথা বলতে হলেও শেষ পর্যন্ত ইজারাদারকে সরাসরি অকটেন সরবরাহে সংশ্লিষ্টদের রাজি করাতে সক্ষম হয়েছেন তিনি।

জ্বালানি সংকট নিরসনে প্রশাসনিক পর্যায়ে জোরালো ভূমিকা রেখেছেন সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে জানান, জনস্বার্থের এই বিষয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না। আজ থেকে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে দৈনিক ৩ হাজার লিটার অকটেন প্রয়োজন হলেও ঈদের চাপে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫০০ লিটারে। বর্তমানে প্রাপ্ত ৯ হাজার লিটার অকটেন দিয়ে বড়জোর দুই দিন চলাচল সচল রাখা সম্ভব। অথচ পুরো ঈদ মৌসুমের চাহিদা মেটাতে প্রয়োজন প্রায় ৮০ হাজার লিটার অকটেন। উল্লেখ্য, গত ৭ মার্চ থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত সোমবার থেকে এই রুটে স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বর্তমানে আদিল ও আরকে এন্টারপ্রাইজের মোট ২৫টি বোট এই রুটে চলাচল করছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সন্দ্বীপ মেরিন সার্ভিসের ৮টি বোট আগে থেকেই বন্ধ আছে। স্পিডবোট ছাড়াও এই রুটে বর্তমানে একটি ফেরি ও একটি সি-ট্রাক নিয়মিত চলাচল করছে।

গভীর রাতে মাটি কাটা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ আটক ৭

জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা জানালেন কুসিক প্রশাসক

হলুদ-মরিচ ভাঙানোর মেশিনে বোরকা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

টিপু হচ্ছে ডিলন ভাইয়ের পারফেক্ট উত্তরাধিকার: আসিফ আকবর

মুরাদনগরে ১৪ মামলার আসামি ডাকাত আইনুল গ্রেপ্তার

কক্সবাজারে ঈদের ছুটি কাটাতে অগ্রিম হোটেল বুকিংয়ের হিড়িক

বন্ধের পথে বিদেশি জাহাজে বাঙ্কারিং লাইটার জাহাজেও নেই জ্বালানি

উখিয়ায় ৭ শতাধিক পরিবারকে ঈদ উপহার

বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী