১১ দলীয় জোটের মহাসমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল সোমবার সীতাকুণ্ডে আসছেন। তার আগমন উপলক্ষে সীতাকুণ্ড হাই স্কুল মাঠে চট্টগ্রাম উত্তর জেলা ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভায় দেড় লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।
এই মহাসমাবেশকে কেন্দ্র করে সীতাকুণ্ডসহ আশপাশের উপজেলা মিরসরাই, সন্দ্বীপসহ পুরো উত্তর চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের আগমন শুরু হয়েছে ইতিমধ্যে।
জনসভা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার দুপুরে সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এই জনসভা কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয়; বরং আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানাতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও জনআকাঙ্ক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, জনসভা সফল করতে ৫০টিরও বেশি স্বেচ্ছাসেবক টিম মাঠে কাজ করবে। মঞ্চ নির্মাণ, উন্নত সাউন্ড সিস্টেম, নারী ও পুরুষদের জন্য পৃথক অবস্থান, মেডিকেল টিম, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অগ্নি ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠ ও আশপাশের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার। তিনি বলেন, সীতাকুণ্ড, সন্দ্বীপ, মিরসরাইসহ ছয়টি উপজেলার নেতাকর্মী এবং ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরা জনসভায় অংশ নেবেন।
মতবিনিময় সভায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব সোলাইমান মেহেদীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই জনসভা সীতাকুণ্ড ও আশপাশের এলাকার রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনগণের সঙ্গে দলীয় নেতৃত্বের সরাসরি সংযোগ আরও দৃঢ় হবে। এ সময় সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।