লক্ষ্মীপুরের রামগঞ্জে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আমেনা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুর গ্রামের ফকির বাড়ির মনতাজ মিয়ার মেয়ে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে একটি বৈদ্যুতিক তার ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তায় পড়ে ছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন। পরে সন্ধ্যায় ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন আমেনা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সময়মতো ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তারটি সরিয়ে নেওয়া হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন দ্রুত সংস্কারের তাগিদ দেন।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।