চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের গোয়ালিনী ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গরু-ছাগলের খামারসহ পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১১টি গরু ও ১৩টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মীর ব্রিক ফিল্ডের পাশে আস্তানা মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয় এবং খামারসহ পাশের পাঁচটি দোকান গ্রাস করে। আগুনের তীব্রতায় খামারের ভেতরে থাকা গবাদিপশু বের করে আনার সুযোগও পাননি মালিকরা। ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে এবং খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের মতে, এতে বেশ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর শনিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
স্থানীয়রা দ্রুত অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।