কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ বয়সী মেয়ের বাল্যবিবাহ পণ্ড করেছে প্রশাসন। একই সাথে মেয়ের পিতার দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার।
জানা গেছে, গোপালনগর গ্রামে বাল্যবিবাহ হচ্ছে মর্মে খবরের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী। ওই গ্রামের মো. অলি উল্লাহ তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে উম্মে হাবিবা অহনার (১৫) বিবাহের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাল্যবিবাহ বন্ধ করা হয়।
উম্মে হাবিবা অহনার পরিবার নোটারি পাবলিকের মাধ্যমে বয়স গোপন করে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করার অপরাধে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ ধারা ০৮ ধারা মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়। পরে জরিমানা আদায় করে মেয়ের পিতার কাছ মুচলেকা গ্রহণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার বলেন, চৌদ্দগ্রামে বাল্যবিবাহসহ সব অপরাধ প্রতিরোধে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।