হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

ছবি: আমার দেশ

কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধনে দুর্বৃত্তদের হামলা ও গুলির ঘটনায় মামলা হয়েছে। গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের (১২) বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে সাব্বির ও অপুসহ ছয়জনের নাম উল্লেখ ছাড়াও ১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

দুপুর ৩টার দিকে আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ নামের একজনকে আটক করা হয়েছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি গুলিবিদ্ধ স্কুলছাত্র প্রেমের শরীর থেকে এখনও গুলি বের করা যায়নি বলে জানিয়েছেন তার বাবা ইউনুস মিয়া। তিনি আজ মুঠোফোনে বলেন, কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা গুলি বের করতে না পারায় সন্ধ্যায় ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হয়। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। কিন্তু গুলি বের করা হয়নি। গুলি করার ক্ষত স্থান থেকে অনেক রক্ত বের হচ্ছে। আমরা রক্ত দিচ্ছি।

তিনি আরও বলেন, বড় সার্জন আসলে গুলি বের করতে অপারেশন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তা কখন এখনো জানতে পারিনি।

প্রেমের মা সোনিয়া আক্তার বলেন, আমার একমাত্র ছেলেটা টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়। তাকে ছাড়া বাঁচবো না। ছেলেটা মাঝে মধ্যে চোখ খুলছে। ছোট্ট এ শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। ছেলেটার খুব কষ্ট হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, গুলিটি ওই ছেলের শরীরের ফুসফুস পর্যন্ত আঘাত এনেছে। তাই, আমরা ঝুঁকি নিতে চাইনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশা করি বুলেটটি বের করা সম্ভব হবে।

কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী আজ শুক্রবার বলেন, গত রাতে গুলিবিদ্ধ স্কুলছাত্রের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলাম। এমপি হিসেবে আমি ও আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার দায় এড়াতে পারি না। জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাতেই জরুরি সভা করেছি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন করে ‘নাগরিক কমিটি’। সেখানে দেশি অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় স্কুলশিক্ষার্থীসহ সাতজন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় স্কুলছাত্র প্রেমকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে কাঁটাবিল এলাকায় গত বুধবার রাতে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় স্থানীয় এলাকার প্রতিবাদী লোকজনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাটাবিল প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন হয়।

মানবন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, দুপুরে হঠাৎ অস্ত্র হাতে একদল লোক মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় তারা গুলিবর্ষণের ঘটনা ঘটালে পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করেন। সংঘর্ষ চলাকালে ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হন।

গুলিবিদ্ধ প্রেম কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্কুলের শিক্ষকদের ভাষ্য, টিফিনের বিরতিতে প্রেম বাসায় যাচ্ছিল। তার বাবা ইউনুস মিয়া নগরীর সিটি পার্কের একটি রাইডের কর্মচারী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করা হয়েছে। গত রাতে শ্রাবণ নামের একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

এমএইচ

গণপিটুনিতে নিহত অন্তরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

সেফটিক ট্যাংক থেকে মিস্ত্রিকে তুলতে গিয়ে শালা-দুলাভাইয়ের মৃত্যু

সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক নিয়ে আপস নয়: এমপি মনিরুল হক চৌধুরী

জাগপা নোয়াখালী জেলা কমিটির দায়িত্বে আবু নাছের ও তারেক রহমান

রায়পুরে মা ও ৩ মেয়েকে হত্যায় অজ্ঞাতদের নামে মামলা

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: ৬ জনের বিরুদ্ধে মামলা

‎খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, গুলিবিদ্ধ কমান্ডার আটক