জামালপুরের বকশীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটককৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) ও পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।
রোববার (২১ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, জামালপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১ এর সদস্যরা শনিবার (২০ জুন) বিকালে জামালপুর- বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিদেশী মদ বহনের সময় ওই দুই ব্যক্তিকে ৯০ বোতল মদসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।
আটককৃতরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন জেলায় পাচার করতো বলে জানায় ডিবি-১।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।