হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইজারা হয়নি চসিকের পাঁচ পশু হাটের

এম কে মনির, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে এবার পাঁচটি পশু হাটের ইজারা হয়নি। জমির মালিকানা নিয়ে বিরোধে তিনটিতে পশুর হাট বসানোর অনিশ্চয়তা এখনো কাটেনি। এছাড়াও দুটি হাটে ইজারাদার সংকটে পড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তবে ঈদুল আজহার আগেই বিরোধপূর্ণ হাটগুলো বসাতে চায় চসিক। এজন্য মালিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন সংস্থাটির কর্মকর্তারা।

যদিও সংশ্লিষ্টরা বলছেন, নিয়মানুযায়ী এ তিন হাটের ইজারা আহ্বান করার যথেষ্ট সময় হাতে নেই। আলোচনার মাধ্যমেই এবার হাটগুলোর ইজারা ছেড়ে দিতে হবে চসিককে।

সূত্র জানায়, ইজারাদার সংকটে এবার দুটি হাটের ইজারা ওপেন টেন্ডার করা যায়নি। শেষ পর্যন্ত আগের বছরের অঙ্কের সঙ্গে ছয় শতাংশ বাড়তি যোগ করে পাঁচটি হাটের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে। এবার নগরীতে পশুর হাট বসবে মোট ১০টি। এর মধ্যে স্থায়ী তিনটি আর অস্থায়ী সাতটি। এবারও চসিকের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে ১৬টি হাট বসানোর অনুমতি চাইলে অনুমোদন মিলেছে অর্ধেকের।

চসিক সূত্রে জানা যায়, স্থায়ী তিনটি পশুর হাট হলো সাগরিকা গরু বাজার, পোস্তারপাড় ছাগলের হাট ও বিবিরহাট গরু বাজার। এ তিনটিতে বাংলা সনের বৈশাখ মাসে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। ফলে ইতোমধ্যে জমে উঠেছে গরু, ছাগল, মহিষ, দুম্বা ও ভেড়া বেচাকেনা। প্রতিবছর এ তিনটি হাটের বাইরে ১৬টি অস্থায়ী হাটের অনুমতি জেলা প্রশাসনের কাছে চেয়ে থাকে চসিক। তবে অনুমতি মেলে ছয় থেকে সাতটির। এবারও প্রথম দফায় ছয়টি, পরে আরো একটিসহ মোট সাতটি হাট বসানোর অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে তিনটিতে হাট বসানোর প্রক্রিয়া সেরেছে সিটি করপোরেশন। এগুলো হলো, কর্ণফুলী নূরনগর হাউজিং এস্টেট এলাকার গরুবাজার, ৪০ নম্বর ওয়ার্ডের জসিমের খালি মাঠ এবং ৪১ নম্বর ওয়ার্ডের আলমগীরের মাঠ। এর মধ্যে কর্ণফুলী নূরনগর হাউজিং এস্টেট গরুবাজার ও জসিমের মাঠের উন্মুক্ত ইজারা হয়েছে। আর আলমগীরের মাঠে ইজারাদার সংকটে উন্মুক্ত টেন্ডার হয়নি। ছয় শতাংশ বাড়িয়ে সেটি শেষ করা হয়েছে বলে জানা গেছে।

টেন্ডার সম্পন্ন হওয়া তিনটি ছাড়া বাকি চারটির মধ্যে তিনটিতে মালিকানা নিয়ে বিরোধ চলছে। এগুলো হলো ইপিজেডের স্টিল মিল বাজার এলাকার টিএসপি মাঠ, সিডিএ বালুর মাঠ ও আনন্দবাজার মুনিরনগর বাজার। হাট তিনটি এবার ৮২ লাখ টাকায় ইজারা হতে পারে। আর একটি হাটে বাজার বসানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নগরের অক্সিজেন এলাকার ওয়াজেদিয়া মাঠের ওই গরুবাজার জেলা প্রশাসন অনুমোদন দিলেও ইজারাদার ও জমির সংকটসহ সেখানে নানা সমস্যা বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন এস্টেট শাখার কর্মকর্তারা। তবে সেটির পরিবর্তে হালিশহরের গলিছিয়া বারুণিঘাট মাঠে পশুর হাট বসানোর পরিকল্পনা করেছে সিটি করপোরেশন। সে হিসেবে আরো চারটিতে আগের বছরের অঙ্কের সঙ্গে ছয় শতাংশ যোগ করে প্রক্রিয়া শেষ করা হতে পারে। চসিকের অস্থায়ী অন্য গরুবাজারগুলো হলো ৪০ নম্বর ওয়ার্ডের পূর্ব হোসেন আহম্মদপাড়া টিএসপি মাঠ, ৩৯ নম্বর ওয়ার্ডের সিডিএ বালুর মাঠ, হালিশহর মুনিরনগর আনন্দবাজার সংলগ্ন খালি মাঠ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, চসিকের পক্ষ থেকে বিরোধপূর্ণ তিনটি বাজারের জমির মালিকদের সঙ্গে আলোচনা চলছে। হাটগুলো খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবারও মেয়রের দপ্তরে এ-সংক্রান্ত বৈঠক হয়েছে। শিগগির আলোচনার ভিত্তিতে ইজারা সম্পন্ন করা হবে।

চসিকের রাজস্ব শাখা জানায়, চলতি বছর স্থায়ী তিনটি পশুর হাট থেকে চসিকের আয় হয়েছে ৯ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকা। এর মধ্যে সাগরিকা গরুবাজার আট কোটি আট লাখ টাকা, বিবিরহাট গরুবাজার ৬৮ লাখ ১০ হাজার এবং পোস্তারপাড় ছাগলের বাজার এক কোটি ২১ লাখ ৭৮ হাজার টাকায় দরপত্র সম্পন্ন হয়েছে। আর অস্থায়ী হাট থেকে আয় হয়েছে তিন কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা। সব মিলিয়ে এবার রাজস্ব দাঁড়াবে ১৩ কোটি ১১ লাখ টাকা।

চসিকের এস্টেট শাখা সূত্রে জানা যায়, ইজারাদার সংকট থাকার কারণে এ বছর সাতটি হাটের মধ্যে মাত্র দুটির ওপেন টেন্ডার হয়েছে। আমার দেশ-এর হাতে দুটি হাটের কাগজপত্র এসেছে। এতে দেখা যায়, নগরীর সবচেয়ে বড় অস্থায়ী পশুর বাজার কর্ণফুলী গরুবাজার এবার উন্মুক্ত দরপত্র হয়েছে দুই কোটি ১২ লাখ টাকায়। আগের বছর এ হাটটির দরপত্র হয়েছিল এক কোটি ৮৫ লাখ টাকায়। আর ৪০ নম্বর ওয়ার্ডের জসিমের মাঠ গরুবাজার ইজারা হয়েছে দুই লাখ ১০ হাজার টাকায়, যা আগের বছর হয়েছিল এক লাখ ৮৫ হাজার টাকায়।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমীন বলেন, পূর্ববর্তী বছরের তুলনায় এবার ভালো দামেই হাটগুলোর ইজারা হয়েছে। স্থায়ী তিনটি হাটের ইজারায় আমরা কাঙ্ক্ষিত দাম পেয়েছি। তবে অস্থায়ী হাটগুলোর কয়েকটিতে ইজারাদার সংকট ছিল। ছয়টি হাট বসানোর প্রস্তুতি প্রায় শেষদিকে।

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মিলেনি ছেলেসহ গৃহবধূর

জামায়াতপন্থি আইনজীবীদের চট্টগ্রাম বার নির্বাচন বর্জন

বাঁশখালীর ১২১ আশ্রয়কেন্দ্রের ১৯টি নদীগর্ভে

পরশুরামে কহুয়া নদীতে ভারতের বাঁধ নির্মাণ শুরু

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে বাস চলাচল বন্ধ

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতা ও স্ত্রী আটক

ফ্যামিলি কার্ড নয়, সরকারের কাছে জাস্টিস কার্ড চাই: হাসনাত আব্দুল্লাহ

ছাত্রী হলে আপত্তিকর চিত্র অঙ্কন, মধ্যরাতে উত্তাল নোবিপ্রবি

লামায় চালককে জখম করে সিএনজি ছিনতাই

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি গ্রেপ্তার