চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৭ মাসের দুই যমজ সন্তানকে শ্বাসরুদ্ধকরে হত্যার পর আত্মহত্যা করেছে এক পিতা।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের মধ্যম পুঁইছড়ী মওলার পাড়ার বদি আলমের বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মো. জাহেদ (৫৫) বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বদি উল আলমের পুত্র। নিহত দুই যমজ সন্তান হলো, জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত (৭ মাস)।
নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে স্থানীয় নাপোড়া ভিলিজারপাড়া জামে মসজিদে নামাজ আদায় ও দোয়া করতে যান। যাওয়ার সময় দুই যমজ মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করে বলেছিলেন, শিশুরা সেখানে গেলে পায়খানা-প্রস্রাব করবে। তাই তাদের রেখে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন মসজিদে যায়। বিকেলে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্থ দিকে দরজা-জানালা বন্ধ। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে বাবা তার দুই যমজ কন্যা সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।
বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। লাশগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।