হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওমানে চট্টগ্রামের চার প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

ওমানে একটি গাড়ির ভেতর থেকে প্রবাসী বাংলাদেশি চার ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ির এসি বিস্ফোরণ বা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির পুলিশ। তারা দেশে থাকা এক ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য বেরিয়েছিলেন বলে জানা গেছে।

গত মঙ্গলবার রাতে ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। তবে বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে চার ভাইয়ের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। এ ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাইয়ের মধ্যে অবশিষ্ট একমাত্র ভাই বর্তমানে দেশে অবস্থান করছেন। নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য এক ভাইও সম্প্রতি বিয়ে করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।

সম্প্রতি দেশে থাকা ভাইয়ের বিয়ে উপলক্ষে দুই ভাইয়ের একসঙ্গে ওমান থেকে দেশে ফেরার কথা ছিল। বিয়ের কেনাকাটা করতে গিয়ে একসঙ্গে প্রাণ হারালেন চার ভাই।

প্রাথমিক তদন্তে ওমান পুলিশ ধারণা করছে, দীর্ঘক্ষণ গাড়িটি চালু অবস্থায় স্থির থাকার ফলে এর এসি থেকে কোনো বিষাক্ত গ্যাস নির্গত হয়ে গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে। সেই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করার কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত করতে পুলিশ মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে। নিহতদের লাশ বর্তমানে ওমানের স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব বলেন, ওমানে অবস্থানরত একই এলাকার বাসিন্দা বাবুর মাধ্যমে তারা ঘটনাটি জানতে পারেন। বাবুর বরাত দিয়ে তিনি বলেন, কেনাকাটার জন্য বের হওয়ার পর মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে চার ভাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

তিনি আরো বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে বাবু পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বর্তমানে লাশগুলো রুস্তাক থানা হেফাজতে রয়েছে। পরে সেগুলো মাস্কাটে নেওয়া হবে বলে জানা গেছে।

পেকুয়ায় বন্যার্ত ৫৫০ পরিবারের পাশে বিমান বাহিনী

রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৩২০ হেক্টর কৃষি জমির ব্যাপক ক্ষতি

সোনাগাজীর ডাঙ্গী খাল যেন পৌরসভার ময়লার ভাগাড়

কুতুবদিয়ায় পানির নিচে ১২ লাখ মণ লবণ, বাড়ছে চাষিদের লোকসানের শঙ্কা

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

বাঁশখালীর বন্যায় জন্মের আনন্দ ছাপিয়ে মৃত্যুর কান্না

লক্ষ্মীপুরে দাদাকে গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার

চেক জালিয়াতির ঘটনায় তিন কর্মচারী বরখাস্ত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও

লোহাগাড়ায় মৎস্য খাতে ৮ কোটি টাকার ক্ষতি