হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে বালুর ব্যবসা নিয়ে ১৪ মাসে অর্ধশত সংঘর্ষ

আরফাত হোসাইন, রাউজান (চট্টগ্রাম)

কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুর স্তূপ। ট্রাক দিয়ে এভাবেই অন্যত্র বালু নেওয়া হয় প্রতিদিন। ছবি: আমার দেশ

চট্টগ্রামের রাউজানে বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ১৪ মাসে অর্ধশত সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। এসব সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। আগে এই বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ, এখন হাত বদল হয়ে নিয়ন্ত্রণ করছে বিএনপি।

জানা গেছে, চট্টগ্রামের রাউজানের পশ্চিমে দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী আর দক্ষিণে আসামের লুসাই পাহাড় থেকে নেমে আসা কর্ণফুলী নদী। এভাবে দুই দিকে নদীবেষ্টিত জনপদ রাউজান উপজেলা, যার আয়তন ২৪৮.৫৮ বর্গকিলোমিটার। সুবিশাল পানিসীমা ও সবুজ পাহাড়-টিলায় মিশ্রিত উপজেলাটি নানা সৌন্দর্যে ভরপুর ছিল। তবে অপরিকল্পিতভাবে অবৈধ বালু উত্তোলন ও পাহাড়-টিলা কেটে সাবাড় করায় প্রাকৃতিকভাবে হুমকির মুখে পড়েছে রাউজান উপজেলা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগমুহূর্তে বালুমহালের একক নিয়ন্ত্রণ ছিল সাবেক এমপি ফজলে করিমের অনুসারীদের হাতে। পরবর্তীকালে সব বালুমহালের নিয়ন্ত্রণ চলে যায় বিএনপির নেতাকর্মীদের হাতে। গত ১৪ মাসে বালুমহাল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে অর্ধশতাধিক। এ নিয়ে খুনের ঘটনা ঘটেছে দুটি।

রাউজান উপজেলার ২৫ পয়েন্টে বালু উত্তোলন হচ্ছে বর্তমানে। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের তথ্যমতে, বালুমহালের সংখ্যা ১০। ইজারা আছে মাত্র চারটি। এর মধ্যে কর্ণফুলী নদীতে রয়েছে ৪ কোটি ঘনফুটের বড় বালু উত্তোলনের ইজারা। কর্ণফুলী নদীতে আরো একটি ২ লাখ ৫০ হাজার বর্গফুটের বড় বালুমহাল থাকলেও ইজারা হয়নি এটি। ইজারা না হলেও এই বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত আছে।

ইজারা নেই— ডাবুয়া খালের বালু উত্তোলন-১ ও বালু উত্তোলন-২, রাউজান খাল পশ্চিম রাউজান মৌজা, সর্তা খালের চিকদাইর অংশ ও নোয়াজিষপুর অংশের বালুমহাল ও ফটিকছড়ি ছড়া বালুমহাল ইজারা। কর্ণফুলী নদী বালুমহাল-১, সর্তা খালের উত্তর সর্তা বালুমহাল-১ ও সর্তা খালের উত্তর সর্তা বালুমহাল-২ ইজারা থাকলেও ইজারার শর্ত অমান্য করে একাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে ঝুঁকিতে পড়েছে নদীপাড়ে বসবাসকারী জনগোষ্ঠী। অনেক পরিবার নদীভাঙনের কবলে পড়েছে। পাঁচখাইন গ্রামের বাসিন্দা যুবদলকর্মী মো. সাব্বির হোসেন অভিযোগ করেছেন, কর্ণফুলীর ব্রিক ফিল্ড এলাকা থেকে যুগীপাড়া স্লুইসগেট এলাকা পর্যন্ত আওয়ামী লীগ সরকার আমলে বালু উত্তোলন করতেন বোয়ালখালীর আওয়ামী লীগ নেতা বাপ্পী। সরকারপতনের পর আত্মগোপনে চলে যান তিনি। বর্তমানে তার ভাই অভি বিএনপির কয়েকজনের সহযোগিতায় অবৈধ বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।

হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য প্রজনন বাড়াতে হালদা নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করেছে সরকার। তবু মাছ শিকার ও বালু উত্তোলন ঠেকানো যাচ্ছে না, যার কারণে গত পাঁচ বছরে ৪৫টি ডলফিন ও শতাধিক মা মাছের মৃত্যু হয়েছে। হালদা নদীর আবুরখীল নাপিতের ঘাট, সত্তারঘাট এলাকা, মোবারকখিল, দক্ষিণ গহিরা ও ঈছাপুর সড়কের লোহার ব্রিজসংলগ্ন এলাকায় বালু উত্তোলন চলছে। পরিদর্শনে যা দেখা যায়, কর্ণফুলী নদীর কালুরঘাট ব্রিজ থেকে রাউজান, বোয়ালখালী ও রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার পানিপথে বড় বড় সাদা বালুর পাহাড় দেখা গেছে। রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন স্লুইসগেট, ইউনিয়ন পরিষদের সামনে, লাম্বুরহাট স্লুইসগেট, খেলারঘাট এলাকার সড়কের পাশে ছয়টি পয়েন্টে কয়েক লাখ ঘনফুটের বিশাল বিশাল সাদা বালুর স্তূপ রয়েছে।

মাটি ও বালুর ব্যবসা নিয়ে খুন হয়েছেন রাউজানের বিএনপি ও যুবদলের দুই কর্মী। হলদিয়া ইউনিয়নে বালু-মাটি ব্যবসার দ্বন্দ্বে খুন হন যুবদল নেতা কমর উদ্দিন জিতু। অপরদিকে কর্ণফুলী নদীতে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ দ্বন্দ্বে খুন হন বিএনপি কর্মী আবদুল হাকিম চৌধুরী । রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, ‘ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে যেকোনো নদীর ক্ষতি হয়। একইভাবে হালদা নদীরও ক্ষতি হচ্ছে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন বলেন, রাউজানের খুনোখুনির ঘটনায় অনেক আসামি গ্রেপ্তার হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রাহাতুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

২৬ বছরের ঐতিহ্য আন্দরকিল্লা শাহী মসজিদে গণইফতার

চোর ধরা নিয়ে উত্তেজনা: পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০‎‎

সীতাকুণ্ড উপকূলে অবৈধ বালু উত্তোলন অভিযানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

সৌদি আরবে আবারও পরশুরামের যুবক অপহৃত

রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদলকর্মীর দাফন সম্পন্ন

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

ফেনীতে ঘুষের টাকাসহ দুদকের হাতে উপজেলা প্রকল্প কর্মকর্তা আটক

আ.লীগ নেতার অনুমোদনহীন গ্যাস পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১৫

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় বিএনপি নেতা বেলায়েত-ইদ্রিস

জামিন পাওয়া আ.লীগ নেতার বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিএনপি নেতা