হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ড উপকূলে অবৈধ বালু উত্তোলন অভিযানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা এবং ১৩ জনকে আটক করা হয়।

অভিযানে তিনটি স্পিডবোট ব্যবহার করে কুমিরা সমুদ্র উপকূল থেকে সন্দ্বীপ চ্যানেল হয়ে সৈয়দপুর এলাকা পর্যন্ত বিস্তৃত জলসীমায় তল্লাশি চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি ড্রেজারের ম্যানেজার ও চালকসহ ১৩ জনকে আটক করা হয়। সাগরে যৌথ অভিযান চলাকালে কয়েকটি ড্রেজার পালিয়ে যায়। এ সময় স্থানীয় জেলেরা সমুদ্র উপকূল থেকে একটি ড্রেজারের ৪ কর্মচারীকে আটক করে সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, বন্দর কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী সীতাকুণ্ড সমুদ্র উপকূলের নির্দিষ্ট পাঁচটি স্পট থেকে বালু উত্তোলনের অনুমতি রয়েছে। কিন্তু ৯টি ড্রেজার থেকে আটক ব্যক্তিরা অনুমোদিত এলাকার বাইরে গিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।

বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি জানান, আটক ১৩ জনকে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— এম আর ট্রেডার্স (৬০ হাজার টাকা), মিয়াখান এন্টারপ্রাইজ (৫০ হাজার টাকা), ইয়া আল্লাহ ড্রেজার (৫০ হাজার টাকা), মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজ (ড্রেজার) (৫০ হাজার টাকা), এমবি রাকিব-১ বাল্কহেড (২০ হাজার টাকা), এমবি আফরামুন্সী বাল্কহেড (২০ হাজার টাকা), এমবি ফাইজা অ্যান্ড মাইশা ট্রান্সপোর্ট বাল্কহেড (২০ হাজার টাকা), একরাম জুনায়েদ বাল্কহেড (২০ হাজার টাকা), এমবি মক্কা-মদিনা বাল্কহেড (২০ হাজার টাকা) এবং ফারিয়া ঈসা বাল্কহেড (২০ হাজার টাকা)।

প্রশাসন জানিয়েছে, উপকূলীয় পরিবেশ রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সৌদি আরবে আবারও পরশুরামের যুবক অপহৃত

রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদলকর্মীর দাফন সম্পন্ন

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

ফেনীতে ঘুষের টাকাসহ দুদকের হাতে উপজেলা প্রকল্প কর্মকর্তা আটক

আ.লীগ নেতার অনুমোদনহীন গ্যাস পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১৫

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় বিএনপি নেতা বেলায়েত-ইদ্রিস

জামিন পাওয়া আ.লীগ নেতার বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিএনপি নেতা

বিএনপি নেতা হুমায়ুন-শাহীনের নেতৃত্বে মহাসড়কে চাঁদাবাজি, আটক ৯

মতলবে চাঞ্চল্যকর শাকিলা হত্যার রহস্য উদঘাটন

সাতকানিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত