বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের গণহত্যা, খুন, গুমসহ সব অপকর্মের বিচার করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতেই করতে হবে। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী চাঁদাবাজ, দখলবাজ নয়, তারা মামলা বাণিজ্য করে না। দেশকে ভালোবেসে রাজনীতি করে।
শনিবার দুপুরে শহরের জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
যারা এসব কাজে যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্বাশীল হয়ে নিরীহ কোনো মানুষকে হয়রানি করবেন না। সব ধর্মের মানুষ এই দেশে মিলেমিশে অবস্থান করছেন। জামায়াতে ইসলামীর কোনো লোক যদি কাউকে হয়রানি করে, আমরা এর সুবিচার করবো।
তিনি বলেন, সবাই মিলে বৈষম্যহীন সমাজ ও দেশ গড়বো। ইন্টারনেট বন্ধ করে লাশ গুম করা হয়েছিল, জাতি সেটি ভুলে যায়নি। জাতি আর এই পচা সমাজ দেখতে চায় না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হবে। পড়াশোনা শেষে সার্টিফিকেট ও কর্ম দুটোই একসঙ্গে দেয়া হবে।
তিনি আরো বলেন, দেশের সর্ববৃহৎ জেলা সুনামগঞ্জ। অথচ এই জেলা অবহেলিত। এই অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য বিদেশ চলে যায়। পরে আর দেশে আসতে চায় না। কারণ দেশে কর্মসংস্থান নেই। পর্তুগিজ ও মোগল আমলে বাংলাদেশে আসতো বিদেশিরা। দেশের প্রতি মমত্ববোধ নেই, রাজনীতির মিশন, ভিশন নেই, তাই এই অবস্থা। ধোঁকাবাজির রাজনীতি থেকে জাতি পরিত্রাণ চায়।
তিনি বলেন, জামায়াতে ইসলামী জেলের চোখ-রাঙানিকে ভয় পায় না। ফাঁসির রশিকে পায়ের জুতার ফিতার মতো মনে করে। আমি সুনামগঞ্জের জামালগঞ্জে ডাক্তার হিসেবে কাজ করেছি। সুনামগঞ্জ মাছের অভয়াশ্রম। দেশের প্রায় ৭৮ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। আমরা চাই আমাদের বেশি বেশি সমালোচনা করুন। সমালোচনা করলে আমাদের কাজের গতি আরও বাড়বে। যদি ভালো কাজ করতে না পারি তাহলে আমাদের ছেড়ে যাবেন।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতে ইসলামীর সিলেট মহানগর উত্তরের আমির ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসউদ্দিন প্রমুখ।