হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দাপটে অর্ধলক্ষাধিক পরিবারের ঘরবাড়ি হারানোর আশঙ্কা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে ডাকাতিয়া নদীতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে সাতবাড়িয়া ও আশেপাশের চার গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। এ অবস্থায় গ্রামবাসীরা বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের বরাবর লিখিত আবেদন করলেও তাতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে প্রশাসনের দাবি, নদীর নাব্যতা রক্ষার জন্য এই খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ হত্যা মামলার আসামি রুবেল এই কাজটির ঠিকাদার। তিনি বিএনপির কিছু নেতাকর্মীদের সাথে আঁতাত করে মাটি বিক্রি করছেন। এতে ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের মানুষ ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে সাতবাড়িয়া এলাকায় ভেকু্ ব্যবহার করে সরকারি উদ্যোগে নদী খনন করা হয়। সম্প্রতি ড্রেজার ব্যবহার করে ফের খনন শুরু হলে আশপাশের গ্রামগুলো নদীভাঙনের শঙ্কায় পড়েছে। একই সঙ্গে সাতবাড়িয়া এলাকার চারটি সংযোগ সেতু ভেঙে যাওয়ায় গ্রামবাসীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

ডাকাতিয়া নদীর ১০ কিলোমিটার এলাকা নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া, চৌকুড়ি, নাইয়ারা ও পরিকোট গ্রামের মানুষ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

স্থানীয়রা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতা সিন্ডিকেট গড়ে এই বালু খনন করছে এবং তা বিক্রি করছে।

তারা বলেন, এর আগেও উপজেলা যুবলীগ সহ-সভাপতি সেলিমের নেতৃত্বে বালু উত্তোলন হয়েছিল। এবারও বিএনপির নামধারী নেতা-কর্মীরা প্রশাসনের অনুমতি নিয়ে একই কাজ করছে অথচ এতে হাজারো মানুষ ভোগান্তিতে পড়ছে।

৪ গ্রামের মানুষের অভিযোগ, গ্রামের মানুষ যদি নদী ভাঙনে সর্বস্বান্ত হয়, তবে নদীর নাব্যতা রক্ষা করে লাভ কী। এছাড়া, এই মাটি স্থানীয়দের অনেকের কাছে বিক্রিও করা হচ্ছে। ইতিমধ্যে ৬০ লাখ টাকার মাটিও বিক্রি করেছে তারা৷ আমরা তীব্র নিন্দা জানাই এর বিরুদ্ধে। আমাদের ঘরবাড়ি হুমকিতে ফেলে তারা ব্যবসা করছে।

সাতবাড়িয়া এলাকার আবুল কালাম বলেন , কিছু নামধারী বিএনপির নেতৃবৃন্দ আওয়ামী লীগের সাথে মিলে মাটি বিক্রি করছে। তারা বিএনপির বদনাম করছে। দেশের ও পাবলিকের ক্ষতি করছে এই সিন্ডিকেট। গরিব ও মেহনতি মানুষদের কে বাঁচান। এখন পর্যন্ত ৭৬ লাখ টাকার মাটি বিক্রি করছে। এক্ষেত্রে প্রসাশনের নিরবতা আমাদের সন্দেহ হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জহিরুল হক মজুমদার বাবুল, সোহেল মজুমদার, আবুল কালাম, সিরাজ মজুমদার, মো. জুয়েল খান ও রুবেল মজুমদারসহ চার গ্রামের অন্তত পাঁচ শতাধিক মানুষ এমন অভিযোগ করেন।

সরেজমিনে দেখা গেছে, ডাকাতিয়া নদীর পানিতে বসানো হয়েছে ড্রেজার মেশিন, দেওয়া হয়েছে ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন। নদীর দু’পাশ ঘেঁষে রয়েছে মানুষের বাড়িঘর ও আবাদি জমি। থইথই পানি আর ভাঙনের আশঙ্কার মধ্যেও চলছে খনন কার্যক্রম। এ সময় স্থানীয় অনেকেই প্রতিবেদককে দেখেই দুঃখ প্রকাশ করেন।

সাতবাড়িয়া গ্রামের গৃহবধূ ববি বেগম বলেন, এখান থেকে বালু তুললেই আমাদের বাড়িঘর ও জমিজমা ধসে যাবে। ইতিমধ্যে রাস্তা ভেঙে যাওয়ায় মেয়েদের বিয়ে দিতে পাত্রপক্ষ আসতে চায় না। যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে চলে যাবে।

এ এলাকার অন্তত দশজন বাসিন্দা জানান, তারা প্রতিবাদ করলেই ভয়ভীতি দেখানো হয়। সাতবাড়িয়া ও আশপাশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষিনির্ভর। ডাকাতিয়া নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বসতবাড়ি, মসজিদ, মাদরাসা, গোরস্থান, স্কুল, খেলার মাঠ ও হাটবাজার। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে চারটি সেতু। ঘরবাড়ি ও সম্পদ হারানোর শঙ্কায় ভুগলেও প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় হতাশা বাড়ছে গ্রামবাসীর মধ্যে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাতবাড়িয়া এলাকার আলাউদ্দিন আল মাহমুদ কিরন দৈনিক আমার দেশকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ হত্যা মামলার আসামি রুবেল এই কাজটির ঠিকাদার। সে বিএনপির কিছু নেতাকর্মীদের সাথে আঁতাত করে মাটি বিক্রি করছে। এতে ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের মানুষ।

মাটি বিক্রি সিন্ডিকেটের প্রধান উপজেলা যুবলীগ সহ-সভাপতি সেলিম কে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

মাটি কাটার ঠিকাদার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি রুবেলকে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন সরকার বলেন, এখানে নদী খনন কার্যক্রম চলছে পানি উন্নয়ন বোর্ডের অধীনে।

পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ শাহরিয়ার বলেন, আমি নতুন এসেছি, বিষয়টি খতিয়ে দেখব।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, আমি নতুন এসেছি কুমিল্লার দায়িত্বে। এ বিষয়টি আমার জানা নেই। ওই এলাকার দায়িত্বরত কর্মকর্তা জানবে এ বিষয়ে।

নাঙ্গলকোট উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন বড়ুয়া বলেন, নদী খনন কার্যক্রমের অংশ হিসেবে এই ডাকাতিয়া নদীটি ১০ কিলোমিটার জুড়ে খনন করা হচ্ছে। উত্তোলনকৃত বালুগুলো উপজেলা মাটি বিক্রয় কমিটির মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাটি বিক্রি সিন্ডিকেট প্রসঙ্গে জানতে চাইলে ইমন বড়ুয়া বলেন, যারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদের নামগুলো আমাদেরকে দিলে আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করব।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, নদীর নাব্যতা রক্ষার জন্য নদী খনন কর্মসূচি চলতে পারে, তবে জনগণের ভোগান্তি করে নয়। যদি জনগণের ক্ষতি হয় এমন কোন বিষয় আমাদের সামনে আছে তাহলে আমরা তদন্ত করে সেটি খনন বন্ধ করার প্রক্রিয়া চালাবো।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার