চট্টগ্রামের ফটিকছড়িতে শালিসি বৈঠকে যাওয়ার পথে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক মো. নুরুল আবছার (৩০) ওই ইউনিয়নের বাগানের টিলা নামক এলাকার মো. নবিদুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির ঘটনা ঘটে আসছিল। এ নিয়ে সমাজিক একটি বৈঠক ডাকা হয়। চুরি সন্দেহে নিহত আবছারকেও বৈঠকে আসতে বলা হয়। নিহত আবছার তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে উক্ত বৈঠকে যাওয়ার পথে ওই এলাকার কিছু লোক পথে আবছারকে বেদম মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা তার ভাই ঘটনাটি পরিবারকে জানালে বাড়ি থেকে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবছারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপজেলার ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এভাবে আইন হাতে নেওয়ার অধিকার কারো নেই। সে অপরাধী হলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। দোষীদের আটক-পূর্বক আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’