কক্সবাজারের উখিয়া উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভেসে আসা বর্জ্যে বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। ধান কাটার মৌসুমে এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয়দের দাবি, বর্জ্য পানিতে ভেসে এসে মাছকারিয়া বিল এলাকার প্রায় ৫ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। তবে উপজেলা কৃষি অধিদপ্তর এ ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিলে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে বৃষ্টির পানির সঙ্গে ভেসে আসা প্লাস্টিক, পলিথিন, বোতলসহ নানা বর্জ্য ধানক্ষেতে জমে আছে। এতে পেকে যাওয়া বোরো ধান পানিতে ডুবে নষ্ট হতে শুরু করেছে।
স্থানীয় কৃষক নুরুল হক বলেন, “প্রতি বছরই একই সমস্যায় পড়ি। ধান কাটার সময় কালবৈশাখী হলে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য পানির সঙ্গে এসে জমিতে পড়ে। এবারও তাই হয়েছে। ধারদেনা করে চাষ করেছিলাম, এখন বড় লোকসানে পড়তে হবে।”
আরেক কৃষক আব্দুস সালাম অভিযোগ করে বলেন, “বারবার একই সমস্যা হলেও স্থায়ী সমাধান নেই। কৃষি অফিস থেকেও কেউ ঘটনাস্থল দেখতে আসেনি। আমরা ক্ষতিপূরণ চাই।”
কৃষকদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে প্রতিবছরই কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার বলেন, “উখিয়ায় এ ধরনের ক্ষতির কোনো তথ্য আমাদের কাছে নেই। ওই এলাকায় পানি জমে থাকে না, তাই ধানের ক্ষতির বিষয়টি আমাদের জানা নেই।”