চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিরোধের জেরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাত বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরার পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী। তিনি নিহত শিশুটির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা মাস্টার এলাকায় ইরার বাড়িতে যান তিনি। এ সময় তিনি শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
আসলাম চৌধুরী বলেন, এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িত ঘাতক বাবু শেখকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সীতাকুণ্ডে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং পরিবারকে ন্যায়বিচার পেতে সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি বলেন, অভিযুক্ত বাবু শেখ অতীতেও বিভিন্ন মামলায় জেল খেটেছেন। তার মানসিক বিকৃতি থাকতে পারে অথবা তিনি একজন পেশাদার অপরাধী, এমন আলোচনা স্থানীয়দের মধ্যে রয়েছে। তবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তাকে যথাযথভাবে শাস্তির মুখোমুখি করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য সীতাকুণ্ডে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক সংলগ্ন এলাকায় পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী বাবু শেখ (৪৮) সাত বছর বয়সী ইরাকে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর ইরার মৃত্যু হয়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও ঘটনাস্থল পরিদর্শনের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করে। পরে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
নিহত ইরার পরিবার অত্যন্ত নিম্নবিত্ত। তার বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র কন্যাকে হারিয়ে তারা গভীর শোকে ভেঙে পড়েছেন।