খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে উপজেলার গোমতির শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. আব্দুল মালেক (৬০) ওই এলাকার লাল মিয়ার ছেলে। আহত শাহেরা খাতুন (৫০) তার স্ত্রী ও ছেলে মো. শাহ আলম (৩৫)।
নিহতের ছোট ভাই মো. আব্দুল জলিল জানান, প্রতিবেশী ফজর আলী প্রতিদিন আব্দুল মালেকের ঘরের বারান্দায় তার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতেন। গত রাতেও তিনি অটোরিকশাটি চার্জে দেন। সকালের দিকে চার্জ শেষে জানালার গ্রিলের সাথে মাল্টিপ্লাগটি ঝুলিয়ে রেখে অটোরিকশা নিয়ে চলে যান ফজর আলী। শুক্রবার দুপুরের দিকে আব্দুল মালেক অসাবধানতাবশত মাল্টিপ্লাগটি খুলতে গেলে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. আসরাফ উদ্দিন মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আব্দুল মালেকের স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।
মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বিধি মোতাবেক আইনি কার্যক্রম চলমান রয়েছে।
জেডএম