হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিচারপ্রার্থী বৃদ্ধ বাবার আদালতে হাজিরা শেষই হচ্ছে না

আইনজীবী আলিফ হত্যাকাণ্ড

ওচমান জাহাঙ্গীর, চট্টগ্রাম

নিহত আলিফের বাবা জামাল উদ্দীন চট্টগ্রাম আদালতে। ছবি: সংগৃহীত

প্রতি মাসেই একবার করে লোহাগাড়া থেকে চট্টগ্রাম আদালতে আসেন প্রায় ৮০ বছরের বৃদ্ধ জামাল উদ্দীন। বয়সের ভারে ন্যুব্জ শরীর, চোখে-মুখে ক্লান্তির ছাপ, তবুও ভোর হতেই রওনা দেন তিনি। কারণ একটাই—হয়তো তার নিহত ছেলের মামলার বিচারকাজ একটু এগোবে। কিন্তু দিন শেষে প্রতিবারই তাকে ফিরতে হয় হতাশা, দীর্ঘশ্বাস আর অপেক্ষা নিয়ে।

আদালতের সিঁড়ি বেয়ে ওঠা ওই বৃদ্ধের পথ যেন শেষই হচ্ছে না। জামাল উদ্দীনের আদালতপথ এখন শুধু একটি মামলার বিচার নয়—এ যেন এক বাবার অসীম ধৈর্য, বুকভাঙা কষ্ট আর ন্যায়বিচারের জন্য অবিরাম অপেক্ষার প্রতিচ্ছবি।

জামাল উদ্দীন রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী উগ্র হিন্দু সন্ত্রাসীদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা। ছেলে হত্যার বিচার দেখতে তিনি প্রতিটি শুনানির ধার্য তারিখে আদালতে হাজির হন। অথচ মামলার বাদী হয়েও তাকে বারবার শুনতে হচ্ছে ‘আরো সময় প্রয়োজন’। বহুল আলোচিত আলিফ হত্যাকাণ্ডের বিচার বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। সংবেদনশীল এ মামলার দ্রুত নিষ্পত্তির দাবি থাকলেও দীর্ঘসূত্রতায় বাড়ছে উদ্বেগ।

গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে জাহিদুল হকের আদালতে বাদীকে জেরা করার দিন ধার্য ছিল। তাই ভোরেই লোহাগাড়া থেকে আদালতে হাজির হন জামাল উদ্দীন। কিন্তু গতকালও মামলার অগ্রগতি থেমে যায় সময় আবেদনের কাছে।

শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তবে অন্য কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত বিষয়টিকে প্রচলিত আদালত প্র্যাকটিসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করে। পরে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী জামাল উদ্দীনের সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করে এবং পরবর্তী সাক্ষীর বিরুদ্ধে সমন জারির আদেশ দেয়। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুন।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ১৯ জানুয়ারি চার্জ গঠনের পর ২ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জামাল উদ্দীন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি, ৯ মার্চ, ৮ এপ্রিল, ২৯ এপ্রিল এবং সবশেষ গতকালসহ মোট ছয়বার জেরার জন্য সময় আবেদন করেছে আসামিপক্ষ।

বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ বলেন, ৮০ বছর বয়সি, অসুস্থ ও বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত জামাল উদ্দীন প্রতিটি ধার্য তারিখে লোহাগাড়া থেকে আদালতে আসছেন। কিন্তু বারবার সময় মঞ্জুর হওয়ায় তিনি চরম হতাশ।

গতকাল চিন্ময় কৃষ্ণ দাস ভার্চুয়ালি আদালতে যুক্ত হন এবং অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানির সময় তিনি আদালতের অনুমতি নিয়ে তার মা ও আশ্রমের দুই সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানান। এছাড়া জামিন, চিকিৎসা ও সময় চেয়ে তিনটি আবেদন করা হলেও আইনজীবীর অনুপস্থিতিতে আদালত সেগুলো শুনানি ছাড়াই নামঞ্জুর করে।

বাদীপক্ষের অভিযোগ, মামলার অন্যতম আসামি চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে বারবার সময় আবেদন করে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। যদিও আদালতে কোনো কার্যকর স্থগিতাদেশ বা উচ্চ আদালতের স্টে অর্ডার উপস্থাপন করা হয়নি। এতে একদিকে যেমন বিচারপ্রার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ছেন, অন্যদিকে বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।

মানবাধিকারকর্মী অ্যাডভোকেট জামাল হোসেন বলেন, চট্টগ্রাম আদালতে বর্তমানে লক্ষাধিক মামলা বিচারাধীন। ঘনঘন সময় আবেদন, সাক্ষীর জেরা পেছানো এবং নানা আইনি জটিলতায় অনেক মামলাই বছরের পর বছর ঝুলে থাকে। আর সেই দীর্ঘ অপেক্ষার সবচেয়ে বড় বোঝা বহন করেন সাধারণ বিচারপ্রার্থীরাই।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর আদালত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তার অনুসারী উগ্র সন্ত্রাসীরা প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ ও হট্টগোল শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় আদালত প্রাঙ্গণে হামলা-ভাঙচুরের পাশাপাশি প্রকাশ্য দিবালোকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার বাবা জামাল উদ্দীন বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

কুমিল্লায় সক্রিয় নিষিদ্ধ আ.লীগ, প্রকাশ্যে ঘুরছে ক্যাডাররা

ঘুমের ঘোরেই শিশুটিকে নিয়ে যায় গোডাউনের অন্ধকারে

ক্লাসে যাওয়ার কথা বলে বের হয়েছিল হাসান, ফিরল লাশ হয়ে

শিশু ধর্ষণ: ক্ষোভে ফুঁসছে চট্টগ্রাম, আজ আদালতে তোলা হবে অভিযুক্তকে

পর্যাপ্ত মজুত সত্ত্বেও বাড়ল খোলা লবণের দাম

উজিরপুরের স্বঘোষিত চেয়ারম্যান সাইফুল গ্রেপ্তার

তিনদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বোটের ১৪ জেলেকে জীবিত উদ্ধার

ইসলামী ব্যাংকের ৮৪ কোটি টাকা খেলাপি ঋণ অনাদায়ে সাজা

ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিকে নিয়ে যায় গোডাউনের অন্ধকারে

তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম