হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধ হকারদের দখলে কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর দীঘিরপাড়

এম হাসান, কুমিল্লা

কুমিল্লার ধর্মসাগর দীঘির নিরাপত্তা গ্রিল কেটে এভাবেই চলছে অবৈধ ব্যবসা। ছবি: আমার দেশ

কুমিল্লা নগরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র ঐতিহ্যবাহী ধর্মসাগর দীঘির সৌন্দর্য ও নিরাপত্তা এখন হকারদের দৌরাত্ম্যে চরমভাবে বিঘ্নিত। ধর্মসাগরের পশ্চিম পাড়ে নির্মিত নিরাপত্তা বেষ্টনীর গ্রিলের রড কেটে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন অর্ধ শতাধিক ফুচকা ও ঝালমুড়ি বিক্রেতা। অভিযোগ আছে, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় এসব দোকান বসানো হয়েছে এবং দোকানদারদের থেকে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা আদায় করা হয়।

সরেজমিনে দেখা যায়, ধর্মসাগরের পশ্চিম পাশের ১২ ফুট প্রশস্ত সড়কের ধারে সারিবদ্ধভাবে বসানো ফুচকা, ঝালমুড়ি ও বিভিন্ন ভ্রাম্যমাণ খাবারের দোকান। দর্শনার্থীদের খাবার পরিবেশনের সুবিধার্থে নিরাপত্তা গ্রিলের রড কেটে ছোট জানালার মতো তৈরি করা হয়েছে। এসব জানালা দিয়েই দীঘির ভেতরে অবস্থান করা দর্শনার্থীদের কাছে খাবারের প্লেট পৌঁছে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সিন্ডিকেট এসব অবৈধ দোকান নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেটের সদস্যরাই গ্রিল কেটে ব্যবসার সুযোগ করে দিয়েছে। ফলে একদিকে যেমন ধর্মসাগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়ছে।

কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী মানবসৃষ্ট দীঘি এই ধর্মসাগর। ১৪৫৮ সালে ত্রিপুরা রাজ্যের রাজা ধর্ম মাণিক্য প্রথম এটি খনন করেন। প্রায় ২৩ দশমিক ১৮ একর আয়তনের এ দীঘিটি সুপেয় পানির সংকট দূর করতে খনন করা হয়েছিল। দীঘির পশ্চিম পাশে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকেন্দ্র। বাংলাদেশের প্রাচীন নগর জল ঐতিহ্যের অন্যতম নিদর্শন হিসেবেও ধর্মসাগর পরিচিত।

সুনাম ও সুখ্যাতিতে ছড়িয়ে থাকা এমন একটি দীঘিকে ঘিরে অবৈধ ব্যবসা ও মানুষের অনিরাপত্তা নগরবাসীকে ভাবিয়ে তুলছে। সেই সঙ্গে প্রশাসনের উদাসীনতাকেও প্রশ্নবিদ্ধ করছে। প্রতিদিন বিকালে ধর্মসাগর পাড়ে আড্ডা দিতে আসেন নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মসাগরের সৌন্দর্য রক্ষার জন্য যে গ্রিল বসানো হয়েছে, সেটাই কেটে ব্যবসার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ সুপারের কার্যালয়ের সামনেই যদি এমন অনিয়ম চলে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?

স্থানীয় সচেতন মহল বলছে, ধর্মসাগর কেবল একটি দীঘি নয়, এটি কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে হাঁটতে, শরীরচর্চা করতে ও অবসর কাটাতে আসেন। কিন্তু অবৈধ দোকান, ময়লা-আবর্জনা এবং উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে সেখানকার পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঝালমুড়ি বিক্রেতা বলেন, আমি সিলেট থেকে এসে এখানে ঝালমুড়ি বিক্রি করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করি। প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা দিতে হয়। তিনি আরো বলেন, ‘কারা টাকা নেয়’- সেটা বললে এখানে থাকতে পারব না।

ইমন নামের এক ফুচকা বিক্রেতার দোকানের সামনেও দুটি রড কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কারা কাটছে আমরা জানি না। আমরা শুধু ব্যবসা করি। মামারা সব জানে। তবে সেই ‘মামাদের’ পরিচয় জানাতে অস্বীকৃতি জানান তিনি। ধর্মসাগরের পশ্চিম পাড়ে ঝালমুড়ি বিক্রি করেন মোস্তফা। তার দোকানের সামনের দুটি রড কেটে জানালা তৈরি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রডগুলো আগেই বেঁকে গিয়েছিল। নষ্ট হয়ে যাওয়ায় ফেলে দিয়েছি। তবে স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবেই রড কেটে ব্যবসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্টদের নজরে রয়েছে।

এদিকে সন্ধ্যার পর পশ্চিম পাড়ের কিছু এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের আনাগোনা বেড়ে যাওয়ার অভিযোগও রয়েছে। অনেক পরিবার নিরাপত্তাহীনতার কারণে সন্ধ্যার পরে ধর্মসাগর এলাকায় যেতে ভয় পান। এসব বখাটের উৎপাত ও ছিনতাইয়ের কবলে পড়ে মোবাইল, মানিব্যাগ হারিয়ে শত শত জিডি করলেও এসবের কোনো প্রতিকার হয়নি। নগরবাসীর দাবি, কুমিল্লার ঐতিহ্য রক্ষায় দ্রুত অভিযান চালিয়ে অবৈধ দখল ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। পাশাপাশি ধর্মসাগরের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় স্থায়ী নজরদারির ব্যবস্থাও জরুরি।

এসব বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, সোমবার সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিতে গিয়ে কয়েকজন পথচারী আমাকে বিষয়টি দেখিয়েছেন। খুব দ্রুতই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধর্মসাগরের আশপাশের সব অবৈধ দোকান উচ্ছেদ করা হবে। এসব অবৈধ দোকানের কারণেই ধর্মসাগরের পরিবেশ নষ্ট হচ্ছে।

সন্দ্বীপে বয়স জালিয়াতিতে ঘানি টানছে তিন শিশুর পরিবার

লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ

হোমনার প্রবীণ সাংবাদিক শাহ আলমের ইন্তেকাল, দাফন সম্পন্ন

কুমিল্লায় মাদক কারবারির পক্ষে বিএনপি নেতাদের তদবিরের অভিযোগ

কুমিল্লায় এইডসে পাঁচ মাসে সাতজনের মৃত্যু

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত

বুড়িচংয়ে ঘোষণা দিয়ে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ

সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা

পাঁচলাইশে পুলিশকে জুয়ার তথ্য দেওয়ার সন্দেহে যুবককে রক্তাক্ত জখম