চট্টগ্রামের পটিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের ডা. ফরিদুল আলমের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জিরি ইউনিয়ন জামায়াত মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সমাবেশ থেকে সৎ ও যোগ্য প্রার্থী বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার বিকেলে জিরি আনোয়ারা জামান মেমোরিয়াল হাসপাতাল মাঠে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জোটের প্রার্থী নির্ধারণে কিছুটা বিলম্ব হওয়ায় প্রচার পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে জামায়াতের সহযোগী সব সংগঠন মাঠে নেমে পড়েছে। এখন ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন আদায়ে কাজ করা হচ্ছে।
মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা জামায়াতের দায়িত্বশীল মোহতেনা আফিয়া। বিশেষ অতিথি ছিলেন কালারপোল সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি কোহিনুর বেগম এবং জিরি ইউনিয়ন মহিলা জামায়াতের দায়িত্বশীল রহিমা বেগম।
বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজ যেন সংসদে যেতে না পারে, সে বিষয়ে মা-বোনদের সজাগ থাকতে হবে। তারা বলেন, যেভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রীদের মধ্যে ছাত্রশিবিরের প্রতি আস্থা তৈরি হয়েছে, ঠিক তেমনি জাতীয় সংসদ নির্বাচনেও মা-বোনেরা সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন। সমাবেশে স্থানীয় মহিলা নেত্রী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।