হোম > সারা দেশ > চট্টগ্রাম

জনবল সংকটে রাজস্থলীতে ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম, সেবাবঞ্চিত মানুষ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার প্রশাসনিক ব্যবস্থা বর্তমানে প্রায় অভিভাবকশূন্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে উপজেলার অধিকাংশ গুরুত্বপূর্ণ দপ্তরে কোনো পূর্ণকালীন কর্মকর্তা নেই। অতিরিক্ত দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে একের পর এক সরকারি কার্যালয়। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম । আর দিনের পর দিন চরম ভোগান্তি ও সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে ক্ষোভ ও হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ।

অতিরিক্ত দায়িত্বে চলা দপ্তরগুলো সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়টিও অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছে । এছাড়া মাধ্যমিক শিক্ষা অফিস, পরিসংখ্যান অফিস, সমবায় অফিস, মৎস্য কর্মকর্তার কার্যালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, পল্লী উন্নয়ন, হিসাবরক্ষণ, এলজিইডি প্রকৌশলীর কার্যালয়, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর এবং আইসিটি বিভাগে কোনো স্থায়ী কর্মকর্তা নেই।

এদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দপ্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা পরিসংখ্যান অফিস দীর্ঘ ৯-১০ বছর ধরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিয়েই চালানো হচ্ছে। একটি স্বাধীন উপজেলার শিক্ষা ও উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি এই দপ্তর দুটি এক দশক ধরে স্থায়ী অভিভাবকহীন থাকায়, রাজস্থলীতে মারাত্মক প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, রাজস্থলী উপজেলায় বদলি হলে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়, এমন একটি নেতিবাচক ধারণা রয়েছে সরকারি কর্মকর্তাদের মাঝে। এই কারণে মাঝে মাঝে কোনো কর্মকর্তাকে এখানে বদলি করা হলেও তারা নানা অজুহাত ও তদবিরের মাধ্যমে এখানে আসা এড়িয়ে চলেন। কর্মকর্তাদের এই অনীহা ও অবহেলার দায়ভার এখন বইতে হচ্ছে রাজস্থলীর সাধারণ জনগণকে।

স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের মতে, একটি উপজেলার এতগুলো গুরুত্বপূর্ণ পদ বছরের পর বছর ফাঁকা রেখে অতিরিক্ত দায়িত্ব দিয়ে চালানো মানে রাজস্থলীর মানুষকে মৌলিক সরকারি সেবা থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা। বর্তমান ডিজিটাল ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের যুগে রাজস্থলীর মানুষ দিনের পর দিন সামান্য সেবার জন্য অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। অবিলম্বে এই বৈষম্য দূর করে জনস্বার্থে শূন্য পদগুলোতে দ্রুত স্থায়ী কর্মকর্তা নিয়োগের জোর দাবি জানিয়েছেন তারা।

এই বিষয়ে রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম সংকটের সত্যতা স্বীকার করে বলেন, রাজস্থলী উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছে, এমনকি আমিও এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিলেই দ্রুত এই শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হবে।

২১ বছর ধরে বন্ধ পুঁটিবনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

সীতাকুণ্ডে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তির শিকার পৌরবাসী

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, আহত ৬

উৎসবে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাতিক্রমি উদ্যগ

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ আটক ২১

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, প্রবাসী বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ