টেকনাফ উপজেলার বাহারছড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নুর বেগম (৩৮) নিহত হয়েছেন।
নিহত নুর বেগম কচ্ছপিয়া এলাকার ৮নং ওয়ার্ড করাচীপাড়া গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে।
গতকাল রাত ১১টায় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পর তাকে গুরুতর অবস্থায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার বাহার ছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) শোভন কুমার সাহা।
তিনি জানান, পারিবারিক কলহের জের স্বামী আব্দুর রহিম তার দ্বিতীয় স্ত্রী নুর বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই লক্ষ্মণ চন্দ্র বর্মণ সুরতহাল রিপোর্ট শেষে লাশ মর্গে প্রেরণ করেন।
এদিকে টেকনাফে একদিনের ব্যবধানে পৃথক ঘটনায় দুই নারী নিহত হলেও খুনিদের আটক করতে পারেনি পুলিশ।