চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দশজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে মো. ইদ্রিস ও গতকাল শনিবার রাতে মো. ইউসুফের মৃত্যু হয়। তারা দুজনই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
রোববার জরুরী বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত পৌনে দশটায় ইউসুফ মারা যান। তার বয়স ৩২ বছর বছর। ইউসুফের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। আর রোববার সকাল সাড়ে সাতটায় মারা যান মো. ইদ্রিস। ২৭ বছর বয়সী ইদ্রিসের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল আগুনে। তাদের দুজনেরই শ্বাসনালীও পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক।
মো. ইদ্রিসের ভাই মো. আবু তালহা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তার বড় ভাইসহ চার জনকে ঢাকায় পাঠানো হয়। সেখানে তার ভাইসহ দুইজনের মৃত্যু হয়।
জানা গেছে, গত বুধবার ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের মাহবুবুর রহমানের মালিকানাধীন গ্যাস সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণ হয়। এসময় ১০জন দগ্ধ হন।
চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ জানান, চন্দনাইশের ঘটনায় ১০ জন দগ্ধ হন। তার মধ্যে মো. ইউসুফ, ইদ্রিস, রিয়াজ, মাহবুবব, মো, সালেহসহ পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। পাশাপাশি শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন হয়েছে। অন্যজন পাঁচজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।