চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়িতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য এরশাদুল হক জানান, মায়ের সঙ্গে গোসল করার সময় আপন ভাই বোন তাবাসসুম (৯) ও রাফি (৭) পানিতে ডুবে মারা যায়।
জানা গেছে, উপজেলার আমিরাবাদ শাইরা পাড়ায় ঈদে নানার বাড়িতে মায়ের সঙ্গে তাবাসসুম বিনতে তানজুম ও পুত্র তানজিমুল ইসলাম রাফি বেড়াতে আসে। শুক্রবার দুপুরে মা তানজিমার সঙ্গে তারা পুকুরে নামে গোসল করতে। কিছুক্ষণ পর হঠাৎ তারা পানিতে ডুবে যায়। এ সময় মা তানজিমা চিৎকার করতে থাকেন। বাড়ির লোকজন এসে পুকুর থেকে ভাই বোনকে উদ্ধার করেন। পরে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মুহাম্মদ সোহেল বলেন, হাসপাতালে আনার আগেই শিশুরা মারা গেছে।
তাবাসসুম বিনতে তানজুম ও তানজিমুল ইসলাম রাফি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামার দিঘির পাড়ের নতুনপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী মুহাম্মদ পারভেজের সন্তান।
দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।