কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হারবাং ইউনিয়ন ও চকরিয়া পৌরসভায় পৃথক দুটি স্থানে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা জামায়াত ও পৌরসভা জামায়াতের যৌথ উদ্যোগে হারবাং ইউনিয়নের হামেদিয়া মাদ্রাসা মাঠ এবং চকরিয়া পৌরসভার ফুলতলা মাদ্রাসা মাঠে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান।
কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুখের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী, মাওলানা জামাল হোছাইন নুরী, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীন আহমদ বাবর, অধ্যাপক আবু নঈম আযাদ, সরওয়ার কামাল, জামায়াত নেতা মাওলানা শেখ আহমদ ও জুনাইদ সিকদারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে নেতারা বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, এটি সামাজিক ও নৈতিক কর্তব্যও। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার খাদ্যসংকট ও নানা ধরনের দুর্ভোগে পড়েছে। এমন সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।