ফেনীর ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ নজরদারিতে রয়েছে বিজিবি। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেনী ব্যাটালিয়ন জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সব বিওপি ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
ফেনীস্থ ৪ বিজিবি আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সন্দেহভাজন পয়েন্টগুলোতে নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় বিভিন্ন পণ্য পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের সহযোগিতা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ কারণে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা হয়েছে।
জেডএম