ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ অভিযোগ করেন নিহতের পরিবার। নিহত সাব্বির আহমেদ (২৪) উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারুপ পশ্চিমপাড়া গ্রামের হানিফ ভুঁইয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, দুবাইতে প্রবাস জীবন কাটিয়ে সাব্বির আহমেদ ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন। সম্প্রতি ঈদের ছুটিতে সে বাড়িতে বেড়াতে আসে। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও খাওয়া-দাওয়া শেষ করে সে পাশের ঘরে শুয়ে পড়ে। তবে রাতে অজ্ঞাত কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতে খায়রুল নামের এক যুবক এসে পরিবারকে জানায় সাব্বির গুরুতর অসুস্থ। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। এ সময় সে জানায় তাকে কয়েকজন ডেকে নিয়ে গিয়েছিল এরপরই সে অবচেতন হয়ে পড়ে। তাকে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার লোকজনের দাবি সাব্বিরকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। এ ঘটনায় খাইরুল নামে এক যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে জানিয়েছে রাতে সাব্বির কসবা- নয়নপুর সড়কের পানিয়ারুপ এলাকাতে মাদকের ট্রাক আটকানোর জন্য অবস্থান করছিলো। ধারণা করা হচ্ছে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।