হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীকে হত্যার পর লাশ নিয়ে হাসপাতালে স্বামী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ায় পরিবারে আর্থিক অভাব ও কলহের জের ধরে নিজের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ওই স্বামী নিজের স্ত্রীকে হত্যার পর নিজেই লাশ কাঁধে নিয়ে হাসপাতালে নিয়েছেন।

রক্তাক্ত মরদেহ কাঁধে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর স্থানীয়দের সন্দেহ হলে অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৮টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাগলিরবিল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পারভীন আক্তার (২৮) হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের পাতাবাড়ি এলাকার আবদুল গফুরের মেয়ে।

অভিযুক্ত স্বামী আবদুল আলম (৩২) পাগলিরবিল এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

নিহত পারভীনের ছোট বোন ইয়াসমিন আক্তার জানান, গভীর রাতে বাড়ি ফিরে আবদুল আলম ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে খাবার খাওয়ার সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি পারভীনকে মারধর করেন। পরে পারভীন রাগ করে বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে পেছন থেকে তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়।

সূত্র বলছে, গুরুতর আহত অবস্থায় তাকে কাঁধে করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

নিহতের ভাই সৌদিপ্রবাসী কামাল উদ্দিন জানান, ওই দম্পতির সংসারে তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে অভাব-অনটন ও পারিবারিক অশান্তি বিরাজ করছিল। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময় সহযোগিতা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, পারিবারিক আর্থিক সংকটকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্ত স্বামী এবং তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নানাবাড়ি থেকে ফেরার পর যুবক নিখোঁজ, খালে মিললো লাশ

কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

১৩ দিনে শিশু ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দিল পুলিশ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

ঈদগাঁওতে বালু উত্তোলনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

কালভার্ট নির্মাণকাজে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

পুশইন ঠেকাতে বেনাপোলে বিজিবির টহল জোরদার

এনসিপি নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নবীনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলামের ইন্তেকাল