কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রাবাহী বাস সৌহার্দ্যর পেছনে শ্যামলীর ধাক্কায় আলমগীর হোসেন নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন (৪৮) পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়ণপুর গ্রামের মরহুম আবদুল করিম মৃধার ছেলে।
শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস মহাসড়কের হাড়িসর্দার এলাকায় হঠাৎ কোনো ধরনের সংকেত ব্যবহার না করে বাম পাশে থামানোর চেষ্টা করে।
এ সময় পেছনে থাকা শ্যামলী এন.আর ট্রাভেলসের যাত্রীবাহী বাস সৌহার্দ্য বাসটিকে ধাক্কা দেয়। এতে উভয় বাসের ক্ষতিসাধন ও শ্যামলী বাসের সুপারভাইজার আলমগীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, হাড়িসর্দার এলাকায় দুটি বাসের সংঘর্ষে এক সুপারভাইজার নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএইচ