টানা বৃষ্টির মধ্যে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রহমাননগর আবাসিক এলাকায় পাহাড়সংলগ্ন একটি দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রহমাননগর আবাসিক এলাকার বি ব্লকের ৪ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা হলদিয়া গ্রামের সমীরের ছেলে। তিনি রহমাননগরের সুফিয়া ভিলায় বসবাস করতেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, দেয়াল ধসের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান।
আহতদের মধ্যে রয়েছেন মনজিলা বেগম (৬০), তাঁর নাতি সোহান ইসলাম (৪) ও নাতনি সাইফা আক্তার (২)। আহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা চান মিয়া শেখ বলেন, ঘটনার সময় হঠাৎ পাহাড়সংলগ্ন দেয়ালটি ধসে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।
পুলিশের প্রাথমিক ধারণা, টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকার মাটি সরে যাওয়ায় দেয়ালটি ধসে পড়ে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।