হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিথ্যা চাঁদাবাজি মামলার বিরুদ্ধে বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি

সীতাকুণ্ডে পথসভা

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জুড়ে নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উত্তর বাজার থেকে শুরু হওয়া এক বিশাল আনন্দ মিছিল পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।

মিছিলে সৈয়দপুর থেকে সলিমপুর পর্যন্ত নয়টি ইউনিয়ন ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। স্লোগান, ব্যানার ও ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নতুন কমিটিকে ঘিরে তৃণমূলের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয়রা।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীর মদদে এলাকায় দুর্নীতি, জমি দখল, চাঁদাবাজি এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, এ ধরনের অন্যায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একইসঙ্গে প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সতর্ক করে দেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।

নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ডকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, শিল্প-কারখানায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলার মাঠ উন্নয়ন, আধুনিক বাজার ভবন নির্মাণ, লালদীঘিসহ বড় পুকুরগুলোর সংস্কার এবং পানি নিষ্কাশনের জন্য খাল খননের উদ্যোগ নেওয়া হবে।

সদস্যসচিব মো. মোরসালিন অভিযোগ করেন, বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত কিছু কর্মকর্তা এখনো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তবে এসব দিয়ে আন্দোলন-সংগ্রামের কর্মীদের দমিয়ে রাখা যাবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, কাজী সালাউদ্দিন ও কাজী মহিউদ্দিন তারা দুই ভাইয়ের নেতৃত্বে অতীতে ‘সুপার ফাইভ’ পদ্ধতিতে কমিটি গঠন করে দলকে তাদের পারিবারিক সম্পত্তিতে রূপান্তর করেছিল। যার ফলে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয় এবং ইউনিয়ন পর্যায়ে দুর্বল কমিটি গঠনের কারণে বিগত জাতীয় নির্বাচনে প্রত্যাশিত ফল অর্জিত হয়নি। তিনি ভবিষ্যতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ জানান, দলের কার্যক্রম পরিচালিত হবে অধ্যাপক আসলাম চৌধুরীর নেতৃত্বে এবং তৃণমূলের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে ৫ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করায় তিনি অধ্যাপক আসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে গত ৫ এপ্রিল সীতাকুণ্ড পৌরসভা চত্বরে নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশের মাধ্যমে নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়।

ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ স্থাপনা রেখে খাল খননের অভিযোগ

ফটিকছড়িতে ট্রলি উল্টে চালক নিহত

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর : সমাজকল্যাণ মন্ত্রী

গাছ কাটা নিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

দুদকের ভেতরেই দুর্নীতি সবচেয়ে বেশি: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

অতীতে একটি চক্র মাদক পাচারের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে: জামায়াত এমপি

মাদক সেবন নিয়ে বিরোধে বন্ধুকে গুলি করে হত্যা

ফুটবল ম্যাচে জয়োল্লাসে গোলবার ভেঙে তরুণের মৃত্যু

৪২ বছর পর পাকিস্তান থেকে নিজ জন্মভূমিতে ফিরলেন নুরু মিয়া