ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, পুশ-ইন এবং সীমান্তে বিভিন্ন ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রম বন্ধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
শুক্রবার বিকেলে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে “১১ দলীয় ঐক্যজোটের” ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাজনপাড়া হয়ে পুনরায় শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিক্ষোভকারীরা সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিচার, পুশ-ইন বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ আব্দুল মোমেন, আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী এবং এনসিপি নেতা চাইথোয়াই মারমা।
বক্তব্যে সৈয়দ আব্দুল মোমেন অভিযোগ করে বলেন, ভারত অন্যায়ভাবে তাদের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছে এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে কঠোর প্রতিবাদ জানানোর আহ্বান জানান। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আরও দৃঢ় ভূমিকা পালনের দাবি জানান।
সমাবেশে অন্যান্য বক্তারা সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রম বন্ধ এবং দেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।