কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের চোরাখোলা এলাকায় সরকারিভাবে সুফল প্রকল্পের আওতায় সৃজিত বনে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। এ সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি দল অভিযান চালায়।
বনবিভাগ সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে সুফল প্রকল্পের আওতায় ২২০ হেক্টর এলাকায় বাগান সৃজন করা হয়েছিল। সম্প্রতি সেখানে একটি চক্র অবৈধভাবে গাছ কাটছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে আসামিরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। তবে পালানোর সময় গাছ কাটার সঙ্গে জড়িত এক রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হন বনকর্মীরা।
থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেন, সুফল প্রকল্পের আওতায় সৃজিত বাগান রক্ষায় আমরা নিয়মিত টহল জোরদার করেছি। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম শাহিন বলেন, সরকারি বনভূমি ও প্রকল্পভিত্তিক বাগান ধ্বংসের কোনো সুযোগ দেওয়া হবে না। যারা বন ধ্বংসের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। পরবর্তীকালে বন আইনে পিওআর মামলা করা হয়েছে এবং ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।