নাটোরের গুরুদাসপুরে রহস্যজনক জাহেরা বেগম (৭০) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহেরা হলেন মৃত আবুল হোসেনের সহধর্মিণী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ শয়নঘরে বৃদ্ধার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। পুলিশ ঘটনাস্থলে গেলে বৃদ্ধার ছেলে জাকের বলেন, তার স্ত্রী ফরিদা বেগমের চিকিৎসার জন্য এলাকার আলাল, খবির ও হাশেমের কাছ থেকে ৩ লাখ টাকা সুদে নেন। সুদের টাকার জন্য প্রচণ্ড চাপ দেন এই তিন সুদের কারবারি। প্রতিনিয়ত তারা বাড়িতে এসে টাকার জন্য হুমকিও দেন। কাজ শেষে সন্ধ্যার দিকে ছেলে ও ছেলের বউ বাড়িতে এসে শয়নকক্ষের মেঝেতে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এমন অবস্থায দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। এ ঘটনার সঙ্গে সুদের কারবারিরা জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন বৃদ্ধার ছেলে জাকির। তবে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এমএইচ