রাঙামাটির বরকল উপজেলায় বন্য শূকরের আক্রমণে আল্পনা চাকমা নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
৬ মে সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা ৬টায় বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের উজানছড়ি এলাকার আল্পনা চাকমা কলাবুনিয়া বাজার থেকে কেনাকাটা করার পরে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। বাজার শেষ করে বাড়ি ফেরার পথে উজানছড়ি এলাকার মধ্য আদম এলাকার ঝিরির পাশে পৌঁছালে বন্য শূকরের একটি দল আল্পনা চাকমা (৩৫) নামক নারী আক্রমণের শিকার হন। এতে তিনি মারাত্মক আহত হন। তার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
পরবর্তীকালে স্থানীয় এবং পরিবারের লোকজন আল্পনা চাকমাকে গুরুতর অবস্থায় বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে রাঙামাটি সদর হাসপাতালে পাঠায়।
রাঙামাটি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
আহত আল্পনা চাকমার স্বামীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম নিয়ে এসেছি। শরীর থেকে রক্ত পড়া এখনো বন্ধ হচ্ছে না। এই ঘটনার পরে উজানছড়ি এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।