বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম আন্তর্জাতিক সম্মেলন সোমবার চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
সকালে চট্টগ্রাম নৌ এলাকাস্থ একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, ভারত মহাসাগর অঞ্চলে নৌ নিরাপত্তা, নৌপথে সঠিক নৌমানচিত্র প্রণয়ন এবং হাইড্রোগ্রাফিক তথ্য আদান–প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলন আঞ্চলিক সহযোগিতা আরো জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার পরিচালকসহ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলো আধুনিক হাইড্রোগ্রাফি, নৌপরিবহন নিরাপত্তা, সীমানির্ধারণ, ব্লু ইকোনমি এবং সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কর্মপরিকল্পনা তুলে ধরবেন।
নৌবাহিনী সূত্র জানায়, এ অঞ্চলে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে হাইড্রোগ্রাফিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবেই উন্নত সরঞ্জাম যুক্ত করছে।
তিন দিনব্যাপী এই সম্মেলনে আঞ্চলিক সমুদ্রপথের হালনাগাদ জরিপ, ডিজিটাল নটিক্যাল চার্ট প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব এবং সামুদ্রিক ঝুঁকি সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হবে।
সম্মেলন শেষে অংশগ্রহণকারী প্রতিনিধিদের যৌথ ঘোষণা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশ করার কথা রয়েছে।
এমই