বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আব্দুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং-১ রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মো. আনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টার দিকে আব্দুল খালেক ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিওপি-সংলগ্ন ৪০ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় যান। এ সময় হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
বিস্ফোরণের তীব্রতায় তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিক দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমান্তঘেঁষা মিয়ানমারের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে স্থলমাইন পুঁতে রাখা হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কিংবা অসাবধানতাবশত সীমান্তের কাছাকাছি গেলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, স্থলমাইন বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এমএইচ