চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে এক জেলের মাছ ধরার নৌকা চুরির ঘটনা ঘটেছে। এতে পরিবারটির একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী জেলে।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সন্তোষপুরের বটতলী মাছঘাট থেকে বালি জলদাস নামের এক জেলের নৌকাটি চুরি হয়। এ ঘটনায় পুরো উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে কেনা নৌকাটিই ছিল বালি জলদাসের জীবিকার একমাত্র অবলম্বন। নিজের সঞ্চয় ও ঋণের টাকায় কেনা এই নৌকার আয়ে তাকে প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো।
ভুক্তভোগী জানান, মঙ্গলবার রাতে জোয়ারের অপেক্ষায় নৌকাটি খালের ঘাটে বেঁধে রেখে তিনি মাছ ধরতে যান। পরে ফিরে এসে দেখেন নৌকাটি নেই। এরপর থেকেই উপকূলজুড়ে খোঁজাখুঁজি করছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে বালি জলদাস বলেন, “নৌকাটি খুঁজতেই সময় চলে যাচ্ছে, থানায় যাওয়ার সুযোগও পাইনি। এখন ঋণের চাপ আর পরিবারের খরচ—সব মিলিয়ে কী করব বুঝতে পারছি না। এই নৌকাটিই ছিল আমার বেঁচে থাকার একমাত্র পথ।”
এ ঘটনায় সন্তোষপুর এলাকার জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় জেলে বাতুল জলদাস বলেন, “এভাবে আগে কখনো নৌকা চুরি হয়নি। এখন আমাদের নৌকা পাহারা দিতে রাত জেগে থাকতে হবে।”
স্থানীয় ইউপি সদস্য আশরাফ জানান, বালি জলদাস অত্যন্ত পরিশ্রমী ও সাধারণ মানুষ। ধার-দেনা করে কেনা নৌকাটি হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয়ভাবে তাকে সহায়তা এবং নৌকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে সন্দ্বীপ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নৌকাটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, একজন জেলের কাছে তার নৌকাই জীবনের প্রধান অবলম্বন। তাই দ্রুত নৌকাটি উদ্ধার এবং এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।