কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক থেকে দুই ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়া এলাকার সাধারণ জনগণকে একদল ডাকাত অস্ত্র প্রদর্শন করে জমি দখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংসসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানা যায়।
স্থানীয় লোকজন কোস্টগার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত দলের সদস্যরা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধলঘাট পাড়া এলাকায় একটি বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ এপ্রিল মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সেখান থেকে ডাকাত দলের দুই সদস্যকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কেইস, একটি অস্ত্রের ক্লিনিং রড ও দুটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন আব্দু রহিম (২৪) ও আব্দুল খালেক (৪৪)। দুজনেই মহেশখালী উপজেলার বাসিন্দা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃতদের মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে।