নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক বিএনপিকর্মীকে গুলির পর জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) একই ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মরহুম নুর নবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবির স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ৫ আগস্টের পর কবির এলাকায় ফেরেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলের কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের জুমার নামাজ পড়তে যান। জুমার ফরজ নামাজ আদায় করেই তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান। ওই সময় মুখোশপরা পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত সিএনজি চালিত অটোরিকশা যোগে সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে আসেন। একপর্যায়ে কবির মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে তাকে লক্ষ্য করে তারা এলোপাতাড়ি গুলি ছোঁড়েন। এসময় কবির মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার বাম পায়ের রগ কেটে এবং গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চিত হলে তারা পালিয়ে যায়।
আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির সূত্র জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ কর্মী শাহাবুদ্দিনের সাথে কবিরের দ্বন্দ্ব ছিল। কবির বিএনপি করার কারণে গত কয়েক বছর এলাকায় থাকতে পারেননি। ৫ আগস্টের পর তিনি এলাকায় আসেন। শুক্রবার দুপুরে মুখোশধারীরা তাকে নির্মমভাবে হত্যা করে। পূর্ব শত্রুতা ও বিরোধের কারণে এ হত্যাকাণ্ড হতে পারে।
এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি। তবে জড়িত অপরাধীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আব্দুল্লাহ্-আল-ফারুক সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানাতে পারব।