কুমিল্লায় দিনদুপুরে একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকে পড়েছেন মারজান হোসেন জিহাদ (২২) নামের এক যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। জানালার গ্রিলে আটকে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গত রোববার (১০ মে) দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। সোমবার (১১ মে) সেই ভিডিওটি ভাইরাল হয়। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটক মারজান হোসেন জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। সংশ্লিষ্ট ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় এক ভাড়াটিয়া পরিবার বসবাস করে; সেখানেই চুরি করতে গিয়ে ধরা পড়েন জিহাদ।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভবনের বারান্দার গ্রিলে আটকে আছেন ওই যুবক। গ্রিলের ফাঁক থেকে বের হওয়ার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছেন। এ দৃশ্য দেখতে সেখানে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, “স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি বাচ্চা আছে।” একপর্যায়ে উপস্থিত লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ওই চোরকে গ্রিল থেকে টেনে বের করে।
পুলিশ জানায়, রোববার দুপুরে ইসলামপুর এলাকায় একটি ভবনের নিচতলার বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন জিহাদ। পরে বের হওয়ার সময় তার শরীর গ্রিলে আটকে যায়। এ ঘটনায় এলাকায় হইচই সৃষ্টি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হলে আদালত তাকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি গতকালের ছিল। ওই চোরকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।