হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় নিম্নমানের কাজে ধসে পড়ল সওজের ড্রেন

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলা সদর বাজারে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ড্রেন উদ্বোধনের আগেই ধসে পড়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কক্সবাজারের অর্থায়নে নির্মিত ২৪০ ফুট দীর্ঘ ড্রেনটি সম্প্রতি মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতেই হেলে পড়ে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু ব্যবহার করে রড ছাড়া ঢালাই ও ওয়াল নির্মাণ করায় ড্রেনটি ধসে পড়েছে। নির্মাণকাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ, যার মালিক শাহাব উদ্দিন চৌধুরী।

এদিকে পুরো নির্মাণকাজ তদারকির দায়িত্বে ছিল সড়ক ও জনপথ অধিদপ্তর, কক্সবাজার। তবে স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির পরও কীভাবে এমন অনিয়ম ও দুর্নীতি চোখ এড়িয়ে গেল।

উখিয়া বাজারের ব্যবসায়ী সালাহ উদ্দিন আকাশ বলেন, কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। সামান্য বৃষ্টিতেই ড্রেনের দেয়াল হেলে পড়েছে। এতে জনগণের টাকার অপচয় হয়েছে। নির্মাণকাজের গুণগত মান তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, সরকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু কিছু অসাধু ঠিকাদার ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে নিম্নমানের কাজ হচ্ছে। উদ্বোধনের আগেই ড্রেন ধসে পড়া অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করছি।

এ বিষয়ে হাসান এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী শাহাব উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অভিযোগের বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর, কক্সবাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তফা মুন্সী বলেন, “কাজ এখনো চলমান রয়েছে, শেষ হয়নি। বৃষ্টির পানিতে মাটির চাপ পড়ায় ড্রেনের সামান্য অংশ হেলে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিজ খরচে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।”

মতলব সেতুর এপ্রোচ সড়কে ভাঙন, দুর্ঘটনার আশঙ্কা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

সাতকানিয়ার বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ১০ স্পিডবোট

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু

এই দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের: ডা. শফিকুর রহমান

সীতাকুণ্ডে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, যুবক নিহত

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ