অতিভারি বৃষ্টিতে চট্টগ্রামের মেয়র গলিতে পাহাড় ধসে সামিয়া খাতুন (১১) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে নগরীর মেয়র গলিতে পাহাড়ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সকালে জঙ্গল ছলিমপুর এলাকায় পাহাড় ধসে আশরাফুল ইসলাম তানভির নামের ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, মেয়র গলিতে পাহাড়ের পাদদেশের একটি ভাড়া বাসায় থাকত সামিয়ার পরিবার। সকাল থেকে বাইরে বৃষ্টি থাকায় ঘরের ভেতরেই অবস্থান করছিল তারা। দুপুর ১২টার দিকে হঠাৎ করেই পাহাড়ের মাটি ধসে ঘরের ওপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা পর মাটির নিচে চাপা পড়া দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করে।
এর আগে সকাল ১০ টার দিকে জঙ্গল ছলিমপুরে পাহাড় ধসে আশরাফুল ইসলাম তানভির নামে এক শিশুর মৃত্যু হয়। পুলিশ জানায়, সকালে শিশুর পরিবার তাকে ঘরে রেখে বাইরে কাজ করছিল। এ সময় পাহাড় থেকে মাটি ধসে ঘরের ওপর পড়ে। আধা ঘণ্টার বেশি সময় চেষ্টা করে স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করে।
এমই