কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের কার্যালয়ের সামনে তাদের মিছিল করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় তারা “শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখলে নিলাম”সহ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে কয়েকজনকে কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা দাবি করেন, নিষিদ্ধ ঘোষণার পরও কীভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে মিছিল করলেন, তা খতিয়ে দেখা উচিত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম আহমেদ বলেন, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ। তারা কীভাবে কার্যালয়ে অবস্থান করেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।