ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে কুয়েত প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত কাজলের স্বামী নুরুল আমিন বর্তমানে কুয়েত প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিহত কাজল তার দুই বছর বয়সি ছোট সন্তানকে নিয়ে ঘরে একাই ছিলেন। তার বড় ছেলে সিলোনিয়া মাদরাসা এবং মেজো ছেলে তালবাড়িয়া মাদরাসার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করে। শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে টিনের চাল কেটে প্রবেশ করে। পরে কাজলের হাত-পা বেঁধে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
ফুলগাজী থানার ওসি এম এম মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এটি চুরির ঘটনা নাকি শত্রুতা রয়েছে, আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
জেডএম