আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) সংসদীয় আসনের আওতাধীন চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রভিত্তিক সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে ঝুঁকি নিরসনে মহড়া (মক টেস্ট) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৯ বিএসটির মেজর মারুফুল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন, বিজিবি ও আনসার বাহিনীর কন্ট্রোলিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটকেন্দ্রভিত্তিক সম্ভাব্য ঝুঁকি নিরসনে যৌথভাবে পরিচালিত মহড়া প্রত্যক্ষ করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ১৩০টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডিওর্ন ক্যামেরার আওতায় আনা হয়েছে।
তিনি আরো বলেন, নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলার সব ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সরেজমিনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে ভোটকেন্দ্রভিত্তিক সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে পরীক্ষামূলক ঝুঁকি নিরসনে মহড়া পরিচালনা করেন। এ মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্র এলাকায় যেকোনো ধরনের পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হবে।