হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে কবিতা চত্বর এলাকায় আততায়ীদের ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলম খুন হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তার সাথে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকার সমুদ্র সৈকতে যান জুলাইযোদ্ধা খোরশেদ আলম ও নারী সমন্বয়ক তারিন। ওই সময় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা খোরশেদ আলমের ওপর হামলা চালায়। ওই সময় হামলাকারীরা খোরশেদ আলমের পেটে ও বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, গুরুতর আহত খোরশেদ আলমকে তার বন্ধু শাহ্ আলম ও সহপাঠীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার সময়ও তিনি বেঁচে ছিলেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ডের পাহাড়তলী ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং ওই এলাকার শাহ্ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এদিকে সুত্র বলছে, আততায়ীরা খোরশেদ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে গেলে তার সাথে থাকা নারী সমন্বয়ক তারিন চিৎকার করে সহযোগিতা চাইছিলেন। কিন্তু লোকজন থাকলেও ছুরিকাহত খোরশেদকে বাঁচাতে এগিয়ে আসেনি। অপরদিকে ঘটনার পর নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ হত্যাকাণ্ডকে ঘিরে কক্সবাজার শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের সামনে ছাত্রদল, জুলাই আন্দোলনের নেতারাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হকের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে কবিতা চত্বরে অবস্থানকালে খোরশেদ আলমের ওপর হামলা চালানো হয়েছে। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী ও তার ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, নিহত খোরশেদের সঙ্গে থাকা এক নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আসলাম চৌধুরীর

২ ঘণ্টা আগে চট্টগ্রাম ওয়াসার এমডি পদে নতুন, পরে বাতিল

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেটম্যান গ্রেপ্তার

লক্ষ্মীপুরে দু’গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ৩

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

পটিয়ায় ঈদে বন্ধের সুযোগে সরকারি জমি দখলের চেষ্টা

‘আম্মুগো আন্নে কনে, আরে আন্নের কাছে লইয়া যান গো’

জিয়াউর রহমানের জীবন্ত ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল আ. লীগ

চট্টগ্রামে আবারও গড়ে তোলা হবে ‘জিয়া শিশু পার্ক’: চসিক মেয়র

মাদকের আসরে মত্ত থাকায় গেটম্যান শোনেনি ট্রেনের সিগন্যাল