সাংবাদিকদের নৌপরিবহন মন্ত্রী
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ড একটি প্রস্তাবনা দিয়েছে। সরকার সেটি যাচাই-বাছাই করছে। দেশের স্বার্থ, বন্দরের শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষা করেই সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো প্রকল্প জনগণের ভোটে নির্বাচিত সরকার নেবে না।
রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কাজ পরিদর্শন শেষে এনসিটি টার্মিনালের সামনে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনালটি পূর্ণাঙ্গরূপে সচল একটি টার্মিনাল। এটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে গেছে। এখানে আরো সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে কি না এবং সেটি আমরা নিজেরাই বাড়াতে পারব নাকি বিদেশি অপারেটর প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে এ বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।
তিনি বলেন, বিদেশি অপারেটরদের কাছে ছেড়ে দিলে আমাদের স্বার্থ কীভাবে রক্ষা হবে সেই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। আমরা বন্দরের সক্ষমতা বাড়াতে চাই, সেই সঙ্গে দেশের স্বার্থ, এখানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের স্বার্থ সবকিছুই রক্ষা করে সামনে এগোতে চাই।
নৌপরিবহন মন্ত্রী বলেন, অতীতে এই টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগকে কেন্দ্র করে অনেক আন্দোলন হয়েছে শ্রমিক-কর্মচারীরা জেল পর্যন্ত খেটেছে। তাই ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা পর্যালোচনা করে যদি মনে হয় শ্রমিক-কর্মচারীদের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় হয়ে দেখা দিচ্ছে তখন শ্রমিকদের সঙ্গে বসে সমন্বয় করা হবে। আশা করি দেশের বৃহত্তর স্বার্থে তারাও সহযোগিতা করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো কাজই নিয়মবহির্ভূতভাবে করার সুযোগ নেই। অতীতে প্রকল্পের নামে অপচয়-লুটপাটসহ অনেক অনিয়ম-দুর্নীতি এই বন্দরকে ঘিরে হয়েছে বলে অভিযোগ আছে। সেসব অভিযোগের বিষয়েও খতিয়ে দেখা হবে।