কুমিল্লার মেঘনা উপজেলায় এসিল্যান্ডসহ কয়েকটি দপ্তরে প্রধান কর্মকর্তা না থাকায় সেবাবঞ্চিত হচ্ছেন নাগরিকরা। তিনটি দপ্তরে অতিরিক্ত দায়িত্ব পালন করার কথা এবং দুটি দপ্তরে শীর্ষ কর্মকর্তা নেই। সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) পদে গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় অফিসের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চাকতাই উপজেলায় কর্মরত স্বরুপ মুহুরীকে এ উপজেলায় বদলি দিলেও পদায়ন না করায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অপরদিকে, মাধ্যমিক শিক্ষা দপ্তর ও উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরে হোমনা উপজেলার কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিলেও একদিনের জন্য অফিস করেননি তারা। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, অ্যাকাডেমিক সুপারভাইজার পদ দীর্ঘদিন শূন্য। এসব তথ্য উপজেলা নির্বাহী অফিসার দপ্তর সূত্রে জানা গেছে।
এসব পদে কর্মকর্তা না থাকায় দাপ্তরিক কাজে দেখা দিয়েছে স্থবিরতা। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। এ বিষয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা না থাকায় সমস্যা হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিতে এসব পদে দ্রুত পদায়ন করা দরকার।
মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদ বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। অন্যথায় উপজেলাবাসী চরম ভোগান্তিতে পড়বেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস দৈনিক আমার দেশকে বলেন, এসিল্যান্ড পেয়েছি, তবে পদায়ন না করায় আমাকেই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।